ঘটনার ২৫ দিনের মাথায় এ মামলার রায় ঘোষণা করল আদালত।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিছামনি নামের এক শিশুকে দলবেঁধে ধর্ষণ ও নদীতে ফেলে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ৯ই জুলাই বৃহস্পতিবার দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী বজলুল করিম চৌধুরী জানিয়েছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আরিফ মিয়া (১৯), হাসান রাকিব (২০) এবং আবু সাইম (১৮)। এই তিন আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা করে জরিমানা দিয়েছেন বিচারক। অন্যদিকে এ মামলায় অপ্রাপ্তবয়স্ক একজনকে (১৬) দশ বছরের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মেজবাহ উদ্দিন আহমেদ। পৃথক দুটি আদালতে আসামিদের উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করা হয়।
মামলার বিবরণে বলা হয়, গত ১৪ জুন বিকালে ধোবাউড়ায় শিশু নিছামনিকে দলবেঁধে ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন নিছামনির বাবা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশের অভিযানে চার আসামি গ্রেপ্তার করা হয়। তারা ঘটনায় সম্পৃক্তত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। এরই মধ্যে মামলার মাত্র নয়দিনের মাথায় ২৩ জুন চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের শুনানি শেষে ঘটনার ২৫ দিনের মাথায় এ রায় ঘোষণা করা হল। রায় ঘোষণার পর নিছামনির বাবা-মা ও স্বজনরা সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানান।

