Homeঅপরাধবাবার অভিযোগে সকালে ছেলেকে গ্রেপ্তার, দুপুরে হাজতে মিলল ‘ঝুলন্ত’ লাশ

বাবার অভিযোগে সকালে ছেলেকে গ্রেপ্তার, দুপুরে হাজতে মিলল ‘ঝুলন্ত’ লাশ

কিশোরগঞ্জের নিকলী থানা–হাজত থেকে রুবেল মিয়া (২১) নামের এক আসামির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ৯ই জুলাই বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হাজতের ভেতরে কার্নিশের রডে নিজের পরা শার্ট দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।

মারা যাওয়া রুবেল মিয়া নিকলী উপজেলার শহরমূল গ্রামের রাজা হাওলাদারের একমাত্র ছেলে। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই বাবাকে নির্যাতন করতেন। পুলিশ জানায়, বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে ৯ই জুলাই বৃহস্পতিবার সকাল আটটার দিকে বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে থানা–হাজতে রাখা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে নিজের শার্ট কার্নিশের রডে বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

রুবেলের বাবা রাজা হাওলাদার বলেন, একমাত্র ছেলে রুবেল খুবই আদরের ছিল। কিন্তু অল্প বয়সে মাদকাসক্ত হয়ে পড়ে। একপর্যায়ে তিনি ছেলের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় সে তিন মাস কারাভোগ করেছে। তবু ছেলে সংশোধন হয়নি। যন্ত্রণা থেকে বাঁচতে আজ সকালে নিজেই থানায় ফোন করে ছেলেকে পুলিশে দেন। সকাল ৯টার দিকে হাজতে গিয়ে ছেলেকে নাশতাও করিয়ে আসেন। বাড়ি ফেরার পর ফোনে জানতে পারেন, ছেলে আত্মহত্যা করেছে।

জানতে চাইলে নিকলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমজাদ হোসেন বলেন, সকালে রুবেলকে গ্রেপ্তার করে হাজতে এনে রাখা হয়েছিল। পরে তাঁর বাবা এসে সকালের নাশতা দিয়ে যান। তখন বাবাকে আর নির্যাতন করবেন না বলেও জানান। কিন্তু বাবা তাঁর কথায় কর্ণপাত করেননি। বেলা সোয়া ১১টার দিকে রুবেলকে হাজতে সুস্থ অবস্থায় দেখা যায়। তখন হাজতে রুবেল একাই ছিলেন। তাঁরা আদালতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। একপর্যায়ে রুবেল হাজতের ভেতরে পরনের শার্ট খুলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বাবার করা একটি সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি ছিলেন রুবেল। বাড়ি থেকে গ্রেপ্তার করে সকাল সাড়ে ৯টার দিকে হাজতে আনা হয়েছিল। পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ আদালতে চালান দিতে হাজত থেকে বের করতে গিয়ে দেখেন, পরনের শার্ট খুলে কার্নিশের রডে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

Recent Comments